ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর ২১ জেলার লাইন সাহায্যকারী (গ্যাটিস) কর্মীরা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে খুলনায় প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে খুলনার ওজোপাডিকো প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন তারা। দাবির পক্ষে বক্তব্য দেন ২১ জেলার প্রতিনিধিরা।
তাদের ৪ দফা দাবি হলো:
১. চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন এবং লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ
২. বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি স্থায়ীকরণ
৩. কর্মরত অবস্থায় দুর্ঘটনায় বিকলাঙ্গ শ্রমিকদের চাকরি নিশ্চিত করা
৪. মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান
প্রতিনিধিরা জানান, “দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করে সাবস্টেশন, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনসহ গ্রাহক পর্যায়ে জরুরি বিদ্যুৎ সেবা দিয়ে আসছি। আমরা কোম্পানির রাজস্ব আদায় ও কারিগরি কার্যক্রমেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত থেকেছি। এই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক দুর্ঘটনায় হাত-পা হারিয়েছেন, কেউ কেউ বিকলাঙ্গ হয়ে পড়েছেন।
তারা অভিযোগ করেন, “চেয়ারম্যান ২০২৪ সালের সেপ্টেম্বরে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ৯০ কার্যদিবসের মধ্যে। কিন্তু অতিরিক্ত তিন মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। উল্টো ১৬ জুন ২০২৫ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (স্মারক নম্বর: ২৭.২২.৪৭৮৫.০০২.২৭.১১২.২৩-১৪৮৫), যেখানে আমাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ রাখা হয়নি।
তারা আরও জানান, ২০ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু হয়েছে, যা ভবিষ্যতে সার্বিক বিদ্যুৎ সেবায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বক্তব্য দেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা, তাদের মধ্যে ছিলেন:
মো. ফিরোজ হাওলাদার (খুলনা সার্কেল)
শরিফ হোসেন
আলমগীর হোসেন (যশোর)
ফিরোজ শেখ (কুষ্টিয়া)
তারেক হোসেন (চুয়াডাঙ্গা)
শাহীন আলম (ঝিনাইদহ)
মাজেদুল হক (ফরিদপুর)
আবুল হোসেন (ভোলা)
ইমামুল ইসলাম রকি (কুষ্টিয়া)
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি চাকরির বয়সসীমা শেষ হওয়ায় আমরা নতুন কোথাও আবেদন করতে পারি না, আর বর্তমান কর্মস্থলে চাকরি না থাকায় পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।”
তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিষয়টির দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
