ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম থেকে পিস্তল ও খালি ম্যাগাজিনসহ শামীম মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শামীম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভৈরব চৌকির ইনচার্জ হাসান মাহমুদ জানান, সোমবার রাতে ভৈরব বাজার রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে অনুসরণ করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে রাখা একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ইনচার্জ আরও জানান, "আটকের পর রাতেই শামীমকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয় এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।"
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “আটককৃত যুবককে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তবে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
