সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সিলেট নগরীর ২৫টি মন্দিরকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় নগর ভবনের তৃতীয় তলায় সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত অনুদান প্রদান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিক প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
সভায় তিনি বলেন,
“ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। রাষ্ট্র যদি মানুষের ক্ষুধা, অধিকার কিংবা মতপ্রকাশে ব্যর্থ হয়, তাহলে মানুষ বিক্ষুব্ধ হবে এটাই স্বাভাবিক। এ দায় তখন রাষ্ট্রকেই নিতে হবে।”
রথযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন,
“সিলেট সম্প্রীতির শহর। তবু কিছু সুযোগসন্ধানী অশুভ শক্তি রয়েছে, যারা রথযাত্রার মতো উৎসবকে ঘিরেও বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে পারে। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি সন্ধ্যার মধ্যে রথযাত্রা শেষ করার অনুরোধ করছি।”
তিনি আরও জানান,
“রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনকেও সহযোগিতার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। অতীতের মতো এবারও সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন:
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার,
প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব,
সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত সিংহ
সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ,
রথযাত্রা আয়োজনে সংশ্লিষ্ট মন্দিরের পরিচালক ও সেবায়েতগণ।
অনুষ্ঠানে ২৫টি মন্দিরের প্রতিনিধিদের হাতে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন সিসিক প্রশাসক।
রথযাত্রা ও পুনঃরথযাত্রার সময়সূচি:
রথযাত্রা: ২৭ জুন ২০২৫
পুনঃরথযাত্রা: ৫ জুলাই ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
