কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা শনিবার রাতে ঘর থেকেই প্রত্যক্ষ করলেন বিস্ফোরণ ও হামলার দৃশ্য। স্থানীয় সময় রাত ৯টার দিকে দোহার উপকণ্ঠে কয়েক দফা বিস্ফোরণে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের ভবন কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনার আগে কিংবা পরেও কাতারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের সতর্কবার্তা বা নিরাপত্তা নির্দেশনা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন প্রবাসীরা।
দোহার একটি আবাসিক ভবনে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি মো. সোহেল রানা জানান,
“রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল জানালার কাঁচ। সঙ্গে সঙ্গে বাইরে তাকিয়ে দেখি আগুনের আলো আর কালো ধোঁয়া। কেউ কিছু বুঝে ওঠার আগেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু দূতাবাসের কোনো ফোন, মেসেজ বা ঘোষণা পাইনি।”
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই বিস্ফোরণটি একটি সামরিক স্থাপনার কাছে সংঘটিত হয়, তবে সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে প্রবাসী বাংলাদেশিরা প্রশ্ন তুলছেন, এমন গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুর সময় দূতাবাস নীরব কেন?
কাতারে বসবাসকারী একাধিক বাংলাদেশি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘দূতাবাস শুধু পাসপোর্টের মেয়াদ বাড়ানোর সময় সক্রিয়, কিন্তু বিপদের সময় কোনো যোগাযোগ থাকে না।’
এ বিষয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি।
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাস যেন সক্রিয় ভূমিকা রাখে, এমনটাই দাবি করছেন সাধারণ বাংলাদেশি নাগরিকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
