স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের স্পষ্ট প্রতিফলন।
শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ধামরাই পৌর শহরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, রথের মেলায় আবাল-বৃদ্ধ-বনিতা আনন্দে মেতে ওঠেন। এই জাতীয় উৎসব সাম্যের বাণী প্রচার করে, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে একত্র করে। তিনি ধামরাইয়ের বিখ্যাত কারুপণ্য শিল্প ও মাসব্যাপী শিল্পমেলাকে স্থানীয় অর্থনীতির জন্য আশীর্বাদ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সংস্কারমূলক কাজ চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সবার সহযোগিতা ও ধৈর্য্য এ কাজকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সহায়তা পেলে নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন সুকান্ত বণিক।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ
ধামরাইয়ের রথযাত্রাকে শ্রেষ্ঠ উৎসব হিসেবে স্বীকৃতি
মাসব্যাপী শিল্পমেলা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে
সংস্কার ও বৈষম্য দূরীকরণে সরকারের অঙ্গীকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
