দেশি-বিদেশি শুল্ক ও বন্দর ব্যবস্থাপনার খরচ বেড়ে যাওয়ায় দেশের ব্যবসাবাণিজ্য মহাসংকটের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে ১ আগস্ট থেকে। এতে ওই বাজারে বাংলাদেশের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার মাশুল বৃদ্ধি এবং বেসরকারি ডিপোতে কনটেইনার ব্যবস্থাপনায় অতিরিক্ত খরচ আরোপ, রপ্তানিনির্ভর শিল্পের জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে সর্বশেষ মাশুল বৃদ্ধি হয়েছিল ১৯৮৬ সালে। প্রায় চার দশক পর নতুন গেজেট অনুযায়ী গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ হারে বিভিন্ন সেবায় মাশুল বাড়ছে। এতে বন্দরের বাৎসরিক আয় প্রায় দেড় হাজার কোটি টাকা বাড়তে পারে। তবে এর পুরো চাপই যাবে আমদানি ও রপ্তানিকারকদের ওপর।
এছাড়া বেসরকারি কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন একটি সার্কুলারের মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে কনটেইনার ব্যবস্থাপনায় ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মাশুল বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, এমন সংকটময় সময়ে এইসব ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত না হলেও, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানির ওপর ভয়াবহ প্রভাব পড়বে। এই অবস্থায় বন্দরের ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতির জন্য মারাত্মক চাপ সৃষ্টি করবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ঝড়ের মধ্যে লঞ্চ ছাড়তে হয় না। ব্যবসাবাণিজ্যে এখন ঝড় চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক এখনো ফাইনাল হয়নি। এখন বন্দরের শুল্ক না বাড়িয়ে ছয় মাস পরে বাড়ানো যেত।
তিনি আরও বলেন, ৩৯ বছর মাশুল বাড়ানো হয়নি, ছয় মাস অপেক্ষা করলে কী ক্ষতি হতো এখন বাড়ানো হলে বিনিয়োগকারীদের মধ্যে ভুল বার্তা যাবে। অনেকেই ভাববেন—এদেশে ব্যবসা করার ঝুঁকি অনেক বেশি।
তিনি শ্রম আইন সংশোধনের বিষয়েও সময়োপযোগিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আইএলও আমাদের মার্চ পর্যন্ত সময় দিয়েছে। তাহলে এখন আগস্টেই কেন সব শেষ করতে হবে এই মুহূর্তে ট্যারিফ ও শ্রম আইন নিয়ে চাপ সৃষ্টি না করে বরং ব্যবসায়িক পরিবেশকে স্থিতিশীল রাখা দরকার।
বিকেএমইএর পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, এসব উদ্যোগ অন্তত ছয় মাসের জন্য স্থগিত রেখে পরিস্থিতির উন্নতির পর বিবেচনা করার জন্য।
সংকটের সারসংক্ষেপ
যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ৩৫% বাড়তি শুল্ক দিতে পারে বাংলাদেশি পণ্যে।
চট্টগ্রাম বন্দরে ৩০–৪০% পর্যন্ত মাশুল বাড়ানোর সিদ্ধান্ত।
বেসরকারি ডিপোতে ৩০–১০০% পর্যন্ত কনটেইনার ব্যবস্থাপনার খরচ বৃদ্ধি।
রপ্তানিকারক ও ব্যবসায়ীদের আশঙ্কা—এসব পদক্ষেপ বিদেশি বিনিয়োগেও বিরূপ প্রভাব ফেলবে।
বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাপে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে সরকারকে সময়োপযোগী ও ব্যবসাবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে—এমনটাই মত দেশের ব্যবসায়ী মহলের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
