ব্রিটেনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন, এর প্রতি সমর্থন জানিয়ে লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডনের কেন্দ্রস্থলে পার্লামেন্টের কাছে অনুষ্ঠিত এই বিক্ষোভে ব্যাপক অভিযান চালানো হয়।
চলতি বছরের জুলাই মাসে ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে সংগঠনের কয়েকজন সদস্য রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে সামরিক বিমানে ক্ষতি সাধন করে।
এছাড়া, ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভাঙচুর এবং হামলার ঘটনাও ঘটায় সংগঠনটি। প্যালেস্টাইন অ্যাকশন অভিযোগ করে আসছে যে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার গাজার যুদ্ধাপরাধে ইসরায়েলের সহযোগী।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মোট ৮৯০ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ৮৫৭ জনকে নিষিদ্ধ সংগঠনের সমর্থন জানানোর অভিযোগে ধরা হয়, আর ১৭ জনকে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট বলেন, “অভিযানের সময় আমরা যে সহিংসতার মুখোমুখি হয়েছি তা ছিল পরিকল্পিত এবং একটি সংঘবদ্ধ গোষ্ঠী দ্বারা পরিচালিত।”
বিক্ষোভের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন পুরোহিত, যুদ্ধবীর, স্বাস্থ্যকর্মী, এমনকি অনেক প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষও।
তাদের এক মুখপাত্র বলেন, “এই গণ-অবাধ্যতা চলতেই থাকবে যতদিন না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।”
প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার ফলে এটি এখন আল-কায়েদা ও আইএস-এর মতো সংগঠনের তালিকায় যুক্ত হয়েছে। সংগঠনটির প্রতি সমর্থন বা সংশ্লিষ্টতা থাকলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই নিষেধাজ্ঞা অতিরিক্ত কঠোর এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, শক্ত অবস্থান নেওয়া জরুরি ছিল।
তিনি বলেন, “গাজার ছবি দেখে সবাই ব্যথিত হয়, মানুষ প্রতিবাদ করতে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে, তাদের নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে যুক্ত হতে হবে।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রেফতার হওয়া অনেককেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে ঠিক কতজন এখনো আটক রয়েছেন তা পরিষ্কার নয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
