মাল্টার এমসিদায় অনুষ্ঠিত হলো রুটস অ্যান্ড রেসিপি আন্তর্জাতিক তরুণদের খাদ্য ও সাংস্কৃতিক সমাবেশ। গত রবিবার সন্ধ্যায় এমসিদা সিটি কাউন্সিল, ফ্রেন্ডস অব দ্য আর্থ ও সাবলাইন-এর যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন অভিবাসী সম্প্রদায় নিজেদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে, যা আন্তর্জাতিক স্বাদের এক অনন্য উৎসবে পরিণত হয়। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন মানবাধিকারকর্মী তাজিন আক্তার, যিনি বর্তমানে মাল্টা বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন মাল্টা (BCAM)-এর ব্যানারে পুরো অনুষ্ঠান সমন্বয় করেন।
বাংলাদেশি কমিউনিটি নারীরা ও তরুণ শিক্ষার্থীরা ঘরোয়া খাবার রান্না করে পরিবেশন করেন। দর্শকদের ভিড় জমে বাংলাদেশি স্টলে। শুধু খাবার নয়, গান, নৃত্য ও শিল্প পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিনিময়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তারা। পরিবেশনার শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে, এরপর পরিবেশিত হয় গান ও নৃত্য।
অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছিল ইথনো-বোটানিকাল কর্মশালা (৬:৩০–৭:৩০ pm), খাদ্য সমাবেশ (৭:৩০–৮:৩০ pm) এবং সাংস্কৃতিক পরিবেশনা (রাত ৮:৩০ থেকে)। বাংলাদেশি দল ইউক্রেনীয় ও ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে পরিবেশনা করে।
স্থানীয় কমিউনিটি নেতারা এ আয়োজনে অংশ নিয়ে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও ভ্রাতৃত্ব জোরদারের উদ্যোগকে স্বাগত জানান।
রুটস অ্যান্ড রেসিপি আবারও প্রমাণ করল খাবার ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সেতুবন্ধন গড়ে তোলে, বিশেষ করে মাল্টার মতো বহুসাংস্কৃতিক সমাজে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
