কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার পুষ্প ঢাকা বিভাগীয় গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মোহাম্মদ আলী রেজা।
গুণী শিক্ষক নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিষ্ঠা, শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক, মানবিক গুণাবলি, বিজ্ঞান মনস্কতা, একাডেমিক উৎকর্ষ, মূল্যায়ন দক্ষতা ও সামাজিকীকরণের ক্ষেত্রে অবদানসহ ১৩টি বিষয় বিবেচনা করা হয়। মর্জিনা আক্তার পুষ্প আগে সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (২০২৩, ২০২৪, ২০২৫) ও কিশোরগঞ্জ জেলার গুণী শিক্ষক (২০২৫) হিসেবে নির্বাচিত হয়ে ঢাকার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাথমিক শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন। এছাড়া কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সদস্য হিসেবে নারীর অধিকার, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করে সমাজে সুপরিচিত হয়েছেন।
ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, তাঁর অর্জন প্রাথমিক শিক্ষাঙ্গনে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
