আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বরকল উপজেলার পাহাড়ি এলাকায় জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভুষনছড়া ইউনিয়নের ভুষনছড়া ও এরাবুনিয়া বাজার এলাকায় ১২ বিজিবি ছোট হরিণা জোন এ কর্মসূচির আয়োজন করে।
ভুষনছড়া ও এরাবুনিয়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ সময় মাদকদ্রব্যের ক্ষতিকর দিক, সামাজিক ও পারিবারিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল লক্ষ্য করলে দ্রুত বিজিবিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
