ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত “LAABRACU ফুটসাল লীগ ২০২৬” এর শিরোপা জিতেছে অ্যামিকাস ইউনাইটেড। ফাইনালে ইনভিক্টাস ভিক্টর কে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি (LAABRACU) আয়োজিত এবারের ফুটসাল লিগে অংশ নেয় মোট ১২টি দল। টুর্নামেন্টটির টাইটেল স্পনসর ছিল ডি জুরি একাডেমি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় LAABRACU ফুটসাল লিগ ২০২৬। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি এর সভাপতি মেহের নিগার, সহসভাপতি ইয়াসির আদনান, সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান, ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই রিলেশনস ম্যানেজার ফরহাদ হোসাইন এবং ডি জুরি একাডেমি এর অন্যতম স্বত্বাধিকারী রফিকুল ইসলাম শিমুল।
টুর্নামেন্টটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাক ইউনিভার্সিটি এর ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম ।
আয়োজকেরা জানান, ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি প্রাণবন্ত ও সক্রিয় অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলাই ছিল এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
