নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এমপি ফজলে হুদা বাবুল বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাল্যবিবাহের কারণে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মান ও ইতিবাচক প্রভাব রয়েছে। জুমার খুতবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতার বার্তা তুলে ধরলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁরা মাদক নির্মূল ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের করণীয় বিষয়ে আলোচনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
