ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের নিন্দা

প্রবাস | আবু তাহির। ফ্রান্স।

(১৪ ঘন্টা আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলাকে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখনজি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এক যৌথ প্রতিবাদী বিবৃতিতে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা শুধু সাংবাদিকদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং আধুনিক সভ্য সমাজকেও বিব্রত করে।

তারা বলেন, সাংবাদিকরা জনগণের সামনে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার জন্য কাজ করেন। সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত কাজে বাধা সৃষ্টি করা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের কলম ও ক্যামেরা কোনো পক্ষের প্রতিপক্ষ নয়; বরং সত্য প্রকাশের মাধ্যম। তাই সাংবাদিকদের ওপর হামলার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখনজি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই।

তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে সত্য ও তথ্য জানার অধিকারকে সুরক্ষিত করা। কোনো রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব যেন সাংবাদিকদের ওপর হামলার ক্ষেত্রে দায়মুক্তির কারণ না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম