সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের (মাছরাঙা টেলিভিশন) সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরীমনির আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।
গত ১৩ অক্টোবর মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে এআই প্রযুক্তির অপব্যবহারে তৈরি তারকাদের কিছু ভুয়া ও আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে ভিডিওগুলো সরিয়ে ফেলে এবং দুঃখ প্রকাশ করে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। নিজের ফেসবুক একাউন্ট থেকে আজ শনিবার দুপুরে এক পোস্টের মাধ্যমে পরীমনি লিখেছেন, "ডিয়ার মাছরাঙ্গা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।"
নিজের জীবনে এর প্রভাব উল্লেখ করে পরীমনি লিখেছেন, "এই যে আমার স্বাভাবিক জীবন-টা এই ভাবে আবার দুর্বিসহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোন রকম কোন পোস্ট করতে পারছি না।(হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।"
ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, "কি করবো বলেন এবার। আমার জীবনের মানষিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর। আপনারা বলেছেন অপরাধিদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।"
এ পরিস্থিতির জন্য টেলিভিশনটিকে দায়ী করে পরীমনি লিখেছেন, "আমার কাছে অপরাধি তো এখন আপনারা।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
