বলিউড অভিনেতা অজয় দেবগণ ও কাজলের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বিলাসবহুল বাংলোর একটি অংশ ভেঙে দিল মিউনিসিপ্যাল কর্পোরেশন। অননুমোদিত নির্মাণকাজের অভিযোগে এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে একদিকে যেখানে অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে ৫০০ কোটি টাকার গণ্ডি পার করেছে, ঠিক সেই সময়েই এই আইনি জটিলতায় বড় ধাক্কা খেলেন অজয় দেবগন।
মুম্বাইয়পর সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বাইয়ের কে/ওয়েস্ট ওয়ার্ডের অন্তর্গত জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এই ৭,৮০২ বর্গফুটের বাংলোটিতে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন ওয়াল নির্মাণ এবং জানালার নকশায় বদল আনা হচ্ছিল। এই বেআইনি নির্মাণকাজের অভিযোগে গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ৩৫৪-এ ধারার অধীনে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে কর্তৃপক্ষ। নোটিশে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় বৈধ নথিপত্র জমা দিতে বলা হয়েছিল।
তবে অভিযোগ ওঠে যে, নোটিশ পাঠানোর পরেও বাংলোটিতে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখা হয়নি। এরপরই বিএমসি কর্তপক্ষ কঠোর পদক্ষেপ হিসেবে অবৈধভাবে তৈরি অংশগুলি ভেঙে ফেলেন। স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং স্থানীয় কর্পোরেটরদের থেকেও সম্পত্তিটির ব্যবহার এবং নিরাপত্তা নিয়ে আপত্তি তোলা হয়েছিল।
প্রসঙ্গত, ‘দৃশ্যম ৩’-এর দুর্দান্ত ব্যবসায়িক সাফল্যের মাঝে এই আইনি ঝামেলার ঘটনাটি ঘটল। এই আকস্মিক অজয়-কাজলের বাংলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিনোদন জগতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: আজকাল অবলম্বনে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
