সৌদি আরব সরকারের আমন্ত্রণে ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) হজ মৌসুমের আগাম প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ মেডিকেল টিমের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক কর্মশালায় অংশ নেয়। গত ৫ নভেম্বর জেদ্দায় শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি চলে ১১ নভেম্বর পর্যন্ত, যেখানে বাংলাদেশসহ বিশ্বের ১৩৩টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
১৪৪৮ হিজরি সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১টি আলাদা প্রশিক্ষণ ট্র্যাকে এই কর্মসূচি সাজানো হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম এবং দল পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান নিজ নিজ দেশের অন্য কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েও আলোচনা ও মূল্যায়ন করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, এই প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা আগামী ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সঙ্গে দ্রুত যোগাযোগ রক্ষা, তাৎক্ষণিক সেবা প্রদান এবং সার্বিক হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
