মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু সদস্যকে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ধরনের নাগরিকত্বসংক্রান্ত সনদ ব্যবহার করে ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা এবং ইতোমধ্যে ভোটার হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কক্সবাজার পৌরসভা ও উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
বিষয়টি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নির্বাচন কমিশন সচিবের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কক্সবাজার পৌরসভায় নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় সরকারিভাবে নিয়োজিত প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন। এ সময় পৌরসভার ১ নম্বর থেকে ১২ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় নাগরিকত্বসংক্রান্ত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান এবং যাচাইয়ের কার্যক্রম পরিচালিত হয়।
অভিযোগকারীদের দাবি, এ সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে অবৈধ অর্থের বিনিময়ে জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, পিতা-মাতার মৃত্যুসনদ, দাদার ওয়ারিশ সনদ, পিতা-মাতার ওয়ারিশসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি ও সংগ্রহে সহযোগিতা করছে।
পরবর্তী সময়ে এসব কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীন কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধনের আবেদন জমা দেওয়ার অভিযোগও উঠেছে।
নির্বাচন অফিসের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পৌরসভা থেকে নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর সংশ্লিষ্ট যাচাইকারীদের স্বাক্ষর নিয়ে আবেদনকারীরা কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসে সরাসরি উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন ফরম জমা দিচ্ছেন।
অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আবেদন জমা পাওয়ার পর কাগজপত্র অনলাইনে যাচাই-বাছাই করেন। আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০৫ নম্বর থেকে এ, বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির বার্তাও পাঠানো হয় বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই প্রক্রিয়া শেষে আবেদনকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে।
তবে এ ধরনের অভিযোগের সত্যতা, প্রকৃত আবেদনকারীর পরিচয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সন্দেহজনক আবেদন তদন্তের দাবি
অভিযোগে বলা হয়েছে, কোনো কোনো ভোটার নিবন্ধন আবেদন সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্তে কোনো আবেদনকারী রোহিঙ্গা নাগরিক হিসেবে শনাক্ত হলে সংশ্লিষ্ট আবেদন বাতিলের নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগকারীদের প্রশ্ন, যেসব আবেদন সন্দেহের কারণে তদন্তের আওতায় আসছে না, সেগুলোর যথাযথ যাচাই-বাছাই কতটুকু হচ্ছে? শুধু বিভিন্ন সনদপত্র ও কাগজপত্রের ভিত্তিতে একজন ব্যক্তির প্রকৃত নাগরিকত্ব নিশ্চিত করা কতটা সম্ভব, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
ওয়ার্ডভিত্তিক তদন্তের জোর দাবি
এ পরিস্থিতিতে কক্সবাজার পৌরসভার ১ নম্বর থেকে ১২ নম্বর ওয়ার্ড পর্যন্ত ভোটার নিবন্ধনের জন্য জমা দেওয়া সন্দেহজনক আবেদন এবং সংশ্লিষ্ট সনদপত্রগুলো ওয়ার্ডভিত্তিক পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়েছে।
এ ক্ষেত্রে স্থানীয় সমাজ প্রতিনিধি, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে আবেদনকারীদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যুসনদসহ ভোটার নিবন্ধনে ব্যবহৃত অন্যান্য কাগজপত্রের সত্যতা যাচাই করে কোনো জালিয়াতি বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা
অভিযোগকারীরা মনে করছেন, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্ভুলতা রক্ষায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কোনো বিদেশি নাগরিক যেন অবৈধ উপায়ে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ জরুরি।
এ বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা বরাবর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পাশাপাশি কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিস এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা উদ্ঘাটন, অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
দেশের নাগরিকত্ব ও ভোটার তালিকার পবিত্রতা রক্ষায় এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
