ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বারবার রপ্তানি পিছিয়ে যাওয়ায় শংকটে পড়েছে চামড়া খাত

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৩ পূর্বাহ্ন

banglahour

বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ পাওয়া চামড়া খাতের বাংলাদেশের সাতটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চট্টগ্রামের কালুরঘাটের রিফ লেদার। কারখানাটিতে প্রক্রিয়াজাত করা ১ লাখ ২০ হাজার বর্গফুট প্রস্তুত (ফিনিশড) চামড়া চূড়ান্ত পরিদর্শনের জন্য গত শুক্রবার চীন থেকে ক্রেতা প্রতিনিধি আসার কথা ছিল। কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্রেতারা তাঁদের এই সফর বাতিল করেছেন। ফলে এই বিপুল পরিমাণ চামড়া রপ্তানি সাময়িকভাবে আটকে গেছে।

এ ছাড়া রিফ লেদারকে দেওয়া জাপানের একটি ক্রেতা প্রতিষ্ঠানের আড়াই লাখ বর্গফুট চামড়ার ক্রয়াদেশও পিছিয়ে দেওয়া হয়েছে। আর ইতালির একটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই থেকে আড়াই লাখ বর্গফুট চামড়ার ক্রয়াদেশের চুক্তিও অনিশ্চয়তার মুখে পড়েছে। শুধু তা-ই নয়, ইন্টারনেট না থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চার দিন (১৯-২২ জুলাই) বন্ধ থাকায় রিফ লেদারের আমদানি করা রাসায়নিক আটকে ছিল বন্দরে। রাসায়নিকের সংকটে সাত দিন উৎপাদন বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।

টি কে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিফ লেদারের পরিচালক মো. মোকলেসুর রহমান গতকাল বলেন, ‘কোরবানির ঈদের সময় আমরা প্রচুর পরিমাণ কাঁচা চামড়া কিনেছি। এতে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। কোরবানির ঈদের পর ভালো মানের চামড়া পাওয়া যায় বলে বিদেশি ক্রেতারা আসেন ও ক্রয়াদেশ দেন। কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভরা মৌসুমে আমরা একধরনের অনিশ্চয়তায় পড়েছি।’ তিনি আরও বলেন, ‘ভারত, ভিয়েতনাম ও ইতালির কয়েকটি জুতার কারখানার সঙ্গে আমরা কাজ করি। আমাদের কারণে তারাও বিপাকে পড়েছে।’

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রিফ লেদারের মতো রপ্তানিমুখী চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে। এমনিতে সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরে পরিবেশদূষণের কারণে দীর্ঘদিন ধরে খাতটি ধুঁকছে।

চামড়া খাতের কয়েকজন উদ্যোক্তা জানান, বিদ্যমান পরিস্থিতিতে বেশ কিছু রপ্তানি পণ্য সময়মতো জাহাজীকরণ করা যায়নি। এসব পণ্যে মূল্যছাড় দাবি করছেন বিদেশি ক্রেতারা। পাশাপাশি অনিশ্চয়তার কারণে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন অনেক ক্রেতা।

খুলনার ফুলতলার উত্তর ডিহিতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ট্যানারি সুপারেক্স লেদার লিমিটেড। এটিও এলডব্লিউজি সনদপ্রাপ্ত কারখানা। দিনে এক লাখ বর্গফুট চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমান পরিস্থিতিতে ক্রয়াদেশ নিয়ে সমস্যা না হলেও রপ্তানির অর্থ আসা পিছিয়ে যাওয়ায় সংকটে পড়েছে তারাও।

জানতে চাইলে সুপারেক্স লেদারের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহমেদ বলেন, ‘চলমান অস্থিরতার কারণে আমাদের রপ্তানির পাঁচ কোটি টাকা দেশে আসা পিছিয়ে গেছে।’

জানতে চাইলে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সহসভাপতি নাসির খান বলেন, বর্তমানে বড়দিনের ক্রয়াদেশ আসার সময়। এ সময়ে অনিশ্চয়তার কারণে ক্রয়াদেশ কমে গেলে রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকায় ক্রেতাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। ইতিমধ্যে নতুন ক্রয়াদেশ আসার গতি কমে গেছে। পাশাপাশি গত দুই সপ্তাহে সময়মতো পণ্য জাহাজীকরণ না হওয়ায় মূল্যছাড় ও এয়ার শিপমেন্টের মতো ঘটনা বাড়বে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯