ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১০:০০ অপরাহ্ন

banglahour

দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখায় ২০২৪ সালের ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংককে এ সম্মাননা দেওয়া হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কার্যক্রম বিবেচনা করা হয়েছে। এগুলোতে সমাজে বিশেষ করে যুব সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন হওয়ার  কারণে এ পুরস্কার দেওয়া হয়।

আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক জোট অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আর্থিক খাতের সম্মানজনক ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাক্ষরতার নির্দেশিকা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ নির্দেশিকা অনুসারে শিক্ষার্থী ও তরুণদের নির্দিষ্ট শ্রেণির আওতাভুক্তকরণ ও তাদের আর্থিক সাক্ষরতা নিশ্চিতের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ২১ থেকে ৪৫ বছর বয়সী উদ্যোক্তাদের ঋণ দিতে স্টার্ট আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৪৩ লাখ স্কুল ব্যাংক হিসাব চালু করা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আর্থিক খাতে লিঙ্গবৈষম্য হ্রাসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে স্কুল ব্যাংকিং হিসাবধারী নারী শিক্ষার্থীর হার ৪৮ দশমিক ৯ শতাংশ।

এ ছাড়া প্রশিক্ষণ, দক্ষতাভিত্তিক পেশা ও ব্যবসা পরিচালনার জন্য স্কুল ব্যাংকিং হিসাবধারীদের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ দেওয়া হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এএফআই হচ্ছে বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে নীতিনির্ধারণী নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে বিশ্বের ৮৪টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ ৯০টি প্রতিষ্ঠান এ সংস্থার সদস্য।

বাংলাদেশ ব্যাংক ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানের মুখ্য সদস্য হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। প্রতিবছর এএফআই কর্তৃক আয়োজিত গ্লোবাল পলিসি ফোরামের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য এর সদস্যদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯