ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪: সরকার গত ১০০ দিনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। তবে গত ১০ নভেম্বর তিনি শ্রম মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি ও বেসরকারি খাতে কর্মে নিয়োজিত করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৬৪ হাজার ৮০ জনকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ১০০ দিনে ১৯ হাজার ৪৫২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে ৫২ হাজার ১১৫ জন প্রশিক্ষণরত রয়েছেন।
গত ১০০ দিনে রাজস্ব খাতে ২ হাজার ৪৬৮ জন এবং প্রকল্প খাতে (আত্মকর্মী ও উদ্যোক্তা) ৮৩ হাজার ৮০৯ জনের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। সবমিলিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে ৮৬ হাজার ২৭৭ জনের নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।
সচিব আরও জানান, আগামী দুই বছরের মধ্যে সরকারিভাবে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আওতায় ২ হাজার ১০০ জনকে প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ২৩১ জনকে ট্রাফিক পুলিশের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং বাকিদের নিয়োগ কার্যক্রম চলমান।
এ ধরনের উদ্যোগ যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
