নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিবলামুখী হওয়া আবশ্যক। কাবা শরীফ যেদিকে রয়েছে, সেই দিক লক্ষ্য করেই নামাজ পড়তে হবে। যদি কেউ কিবলা সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকা সত্ত্বেও কিবলার দিকে মুখ না করে নামাজ পড়ে, তবে তার নামাজ বাতিল হয়ে যাবে।
ধর্মীয় বিধান অনুযায়ী, সরাসরি বাইতুল্লাহ দেখার সুযোগ থাকলে সঠিকভাবে বাইতুল্লাহমুখী হওয়া জরুরি। তবে যারা সরাসরি দেখতে পান না, তাদের জন্য কাবার দিক চিহ্নিত করে সেই দিকে মুখ করাই যথেষ্ট।
ফকিহরা বলেন, যদি কোনো ব্যক্তি নামাজে কিবলার দিক থেকে ৪৫ ডিগ্রির বেশি ঘুরে যায়, তবে ধরে নিতে হবে সে আর কিবলামুখী নেই, এবং তার নামাজ শুদ্ধ হবে না।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
**"এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর।"** (সূরা বাকারা: আয়াত ১৪৪)
সুতরাং কাবার দিক থেকে সামান্য বিচ্যুতি থাকলে নামাজ শুদ্ধ হতে পারে, তবে তা নিশ্চিত করতে হবে যে, বিচ্যুতি ৪৫ ডিগ্রির মধ্যে রয়েছে। এজন্য দিক নির্ধারণে আধুনিক প্রযুক্তি বা স্থানীয় নির্দেশনা গ্রহণ করা উত্তম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
