মুন্সীগঞ্জ: জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম জানুয়ারির মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার বিকালে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আদিলুর রহমান খান বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটির প্রতিবেদন জমা দেওয়া হবে। এই প্রতিবেদন পাওয়ার পর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের নির্ধারিত সময় জানানো হবে।”
জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
অনুষ্ঠান শেষে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
