কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য পেয়ারা বেগম (৪৫)। জনপ্রতিনিধি হয়েও তাকে দিন কাটাতে হয় ভিক্ষার টাকায়। তিনটি ওয়ার্ডের নেতৃত্ব দিলেও নিজের জন্য নেই মাথা গোঁজার ঠাঁই।
স্থানীয়রা জানান, পেয়ারা বেগমের জীবনসংগ্রাম দীর্ঘদিনের। ১৯৯৯ সালে বিয়ে করার পর তার প্রথম সন্তান জন্ম নেয় শারীরিক প্রতিবন্ধী হয়ে। ছেলের চিকিৎসার জন্য স্বামীর শেষ সম্বল ৬ শতক জমি বিক্রি করতে বাধ্য হন তিনি। এরপর জীবন বাঁচাতে হাতে তোলেন ভিক্ষার থালা।
২০২২ সালে ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে জনপ্রতিনিধি হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি তার। সরকারি কোনো সহায়তা পাননি, তাই সংসার চালাতে এখনও পথে নামতে হয় তাকে। প্রতিবন্ধী ছেলেও ভাতা না পেয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষা করে সংসারের কিছুটা বোঝা ভাগ করে নিচ্ছে।
স্থানীয়রা পেয়ারা বেগমের সততা ও সেবার মনোভাবের প্রশংসা করেন। গণমাধ্যমকর্মী মো. শাহাদাত হোসেন বলেন, "তার মতো সৎ জনপ্রতিনিধি কমই দেখা যায়। জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেননি।"
এদিকে, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার জানিয়েছেন, পেয়ারা বেগমের দুর্দশার কথা তিনি আগে জানতেন না। দ্রুত তার পুনর্বাসনের ব্যবস্থা ও সরকারি সহায়তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
