ওয়াশিংটন/লন্ডন — ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্যের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ও যুক্তরাজ্যের গবেষকেরা। তারা জানাচ্ছেন, মাথা ও গলার ক্যানসারে নতুন ইমিউনোথেরাপি ওষুধ পেমব্রোলিজুম্যাব প্রচলিত চিকিৎসার তুলনায় দ্বিগুণ কার্যকর।
এই ওষুধটি ক্যানসার রোগীদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে এবং নির্দিষ্ট এক প্রোটিনকে টার্গেট করে ক্যানসার কোষ ধ্বংস করে। গবেষণায় দেখা গেছে, এটি ৫ বছর পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, যেখানে প্রচলিত চিকিৎসা মাত্র ৩০ মাস পর্যন্ত কার্যকর।
সম্প্রতি আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সম্মেলনে এই গবেষণা উপস্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ও যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে।
গবেষণায় অংশ নেন ২৪ দেশের ৭০০ জন রোগী। তাঁদের মধ্যে ৩৬৩ জনকে পেমব্রোলিজুম্যাবের সঙ্গে প্রচলিত চিকিৎসা দেওয়া হয়, বাকিদের শুধু প্রচলিত চিকিৎসা (অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি) দেওয়া হয়।
গবেষক ড. ডগলাস অ্যাডকিনস বলেন, “এই প্রথম আমরা এমন একটি ওষুধ দেখলাম যা নতুন রোগীদের ক্ষেত্রেও এত কার্যকর। এটি একটি গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর আবিষ্কার।”
অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, “যাদের শরীরে ইমিউন মার্কার (PD-L1) বেশি, তাদের ক্ষেত্রে ওষুধটির কার্যকারিতা সবচেয়ে বেশি হলেও, সব রোগীর ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব দেখা গেছে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ইমিউনোথেরাপির মাধ্যমে ক্যানসার চিকিৎসা আরও একধাপ এগিয়ে গেল। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে এটি আধুনিক প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
