বাগেরহাটের রামপালে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ চক্ষু চিকিৎসা শিবির। শুক্রবার (৪ জুলাই) দিনব্যাপী রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই শিবিরে প্রায় ৬ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৬ শতাধিক রোগীকে চশমা বিতরণ এবং ৫ শতাধিক রোগীকে ছানি, নেত্রনালী ও মাংশবৃদ্ধি জনিত রোগের জন্য বাছাই করা হয়েছে, যাদের মধ্যে প্রায় ৭০০ জনের চোখে শীঘ্রই অপারেশন করা হবে।
চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, এমন মহৎ উদ্যোগ দেখে আমি অভিভূত। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। এমন কর্মযজ্ঞ দেশের প্রতিটি জেলায় হওয়া উচিত।
চক্ষু শিবিরের আয়োজক ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাব। ক্লাবের প্রেসিডেন্ট ডা. শেখ ফরিদুল ইসলাম জানান, চোখ অমূল্য সম্পদ। দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে চোখের সমস্যা বেড়েছে। আমরা ২০০৯ সাল থেকে এ ধরনের শিবির পরিচালনা করছি। এখন পর্যন্ত প্রায় ৭ হাজার রোগীর ছানি অপারেশন, লেন্স সংযোজন ও চশমা প্রদান করা হয়েছে। এছাড়া লক্ষাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা সরবরাহ করা হয়েছে।তিনি আরও বলেন, এই মহতী উদ্যোগ নির্মোহভাবে এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই পরিচালনা করা হচ্ছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষ আরও ভালোভাবে সেবা পাবে। আমাদের লক্ষ্য একটি সমতাভিত্তিক ও স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ।
শিবিরে আরও উপস্থিত ছিলেন—
ব্যারিস্টার মো. জাকির হোসেন, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি
শেখ হাফিজুর রহমান তুহিন, আহ্বায়ক, রামপাল উপজেলা বিএনপি
খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তর
কাজী জাহিদুল ইসলাম, সদস্য সচিব, উপজেলা বিএনপি
অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসক দল।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
