কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো রোগী।
সরেজমিনে জানা গেছে, ভৈরব ছাড়াও আশপাশের কুলিয়ারচর, আশুগঞ্জ, বেলাব ও রায়পুরা থেকে প্রতিদিন ১৫০–২০০ জন বহির্বিভাগের এবং ৭০–৮০ জন অন্তর্বিভাগের রোগী সেবা নিতে আসেন এ হাসপাতালে। অথচ ৫০ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসকের সংখ্যা মাত্র ৭ জন। তারমধ্যে ৩ জন আছেন প্রেষণে অন্যত্র, কার্যত চিকিৎসক আছেন কেবল ৪ জন।
রোগীদের অভিযোগ—এ চার চিকিৎসকের কেউই নিয়মিত সকাল ৯টায় চেম্বারে আসেন না, বরং ১০টার পর আসেন এবং দুপুর ১টার আগেই চলে যান।
হাসপাতালে নেই চক্ষু, নাক-কান-গলা, চর্ম ও যৌন, অর্থোপেডিক বা শিশু রোগের কোনো কনসালটেন্ট। ডায়াবেটিস রোগের জন্যও নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে রোগীদের জটিল রোগের চিকিৎসা করাতে বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে, ব্যয়বহুল সেবার আশ্রয় নিতে হচ্ছে।
এছাড়া এক্স-রে ফিল্ম নেই, আল্ট্রাসনোগ্রামের টেকনিশিয়ান নেই, ফলে এসব পরীক্ষাও বাইরেই করাতে হচ্ছে। ওষুধের সংকট আরও ভয়াবহ—বেশিরভাগ রোগীই অভিযোগ করেছেন, হাসপাতালে চাহিদামতো ওষুধ মিলছে না।
চিকিৎসা নিতে আসা শফিকুল ইসলাম বলেন, “আমি গত কয়েক মাস ধরে এখানে ডায়াবেটিসের ওষুধ পাচ্ছি না। ডাক্তারও ঠিকমতো পাওয়া যায় না। বাইরে চড়া দামে সব করাতে হচ্ছে।
একই অভিযোগ খাদিজা বেগমসহ অনেক রোগী ও তাদের স্বজনদের। তাদের দাবি—হাসপাতালটি ১০০ শয্যার অবকাঠামো পেলেও তা বাস্তবে কার্যকর নয়, কারণ জনবল নেই, নেই পর্যাপ্ত চিকিৎসক ও সরঞ্জাম।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আ. করিম বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র ৭ জন রয়েছেন কাগজে-কলমে। এর মধ্যে ৩ জন প্রেষণে অন্যত্র কর্মরত, ফলে বাকি ৪ জন দিয়েই চলছে সেবা। বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, একটি গুরুত্বপূর্ণ উপজেলার জনগণের স্বাস্থ্যসেবাকে এভাবে অবহেলার মধ্যে ফেলা ঠিক নয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
