দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। সোমবার বিকেলে শহরের বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপি নেতা শফিউজ্জামান পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান। বক্তারা বলেন, যখন আমরা রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তখন গুপ্ত সংগঠনের কেউ ছিল না। এখন তারা মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। এসব চক্রান্ত প্রতিহত করা হবে। তারা আরও বলেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে, যারা আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে—তাদের খুঁজে বের করা হবে। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। সভায় নেতৃবৃন্দ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেন, আন্তর্বর্তীকালীন সরকারকে এসব হত্যাকাণ্ডের দায়ভার নিতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
