বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “ভিত্তিহীন অপপ্রচার, ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ পতন ঘটলেও এখনও গণতন্ত্রের চূড়ান্ত বিজয় আসেনি। যারা এখন বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই দেশকে অস্থিতিশীল করার মূল কারিগর। তিনি আরও বলেন, “দেশে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তবে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। সে ভয়েই ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছে। তারা বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে আতঙ্কিত। বুধবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শক্কুর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।মিফতাহ্ সিদ্দিকী বলেন, দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন, তা এখন মজলুম মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই দফাগুলো বাস্তবায়নই দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। তিনি আরও বলেন, জৈন্তাপুর-গোয়াইনঘাট অঞ্চলের খনিজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে একটি টেকসই পর্যটন ও খনিজ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তা বাস্তবায়ন করা হবে।সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা জাসাসের সদস্য সচিব এইচ এম রায়হান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আইনজীবী নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বক্তারা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
