জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরে বৃহস্পতিবার দুপুরে জনতা ব্যাংকের মোড়ে বিশাল সমাবেশ করে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস। তবে কেউ যদি আমাদের শান্তি নষ্ট করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আচরণ করে, তাহলে লাঠি হাতে গণপ্রতিরোধ গড়ে তুলতে আমরা কোনো বাধা মানবো না।
নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জ বর্তমানে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। গত গোপালগঞ্জে এনসিপির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনায় সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তিনি প্রশাসনের প্রতি কড়া নির্দেশনার দাবি জানান।
তিনি অভিযোগ করেন, চারজন নিহত হওয়ার ঘটনার ন্যায় বিচার না হওয়ায় সাধারণ মানুষ হতাশ। প্রশাসনের পৃষ্ঠপোষকতায় থাকা ফ্যাসিস্টরা গ্রেপ্তার হয়ে মুক্তি পাওয়ায় সন্ত্রাসের অবস্থা বৃদ্ধি পাচ্ছে। এজন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
আলোচনায় নাহিদ ইসলাম বিশেষভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, “গোপালগঞ্জে যারা রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদেরকে আমরা সতর্ক করছি। লাল মার্চ করে মুজিববাদ মুক্ত করেই আমরা গোপালগঞ্জ থেকে ফিরে আসব।”
তিনি জানান, ‘জুলাই সনদ’ দাবিতে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা কর্মসূচি চলমান থাকবে। ফরিদপুরে পদযাত্রার অংশ হিসেবে আগামী ৩ আগস্ট পর্যন্ত কর্মসূচি শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, র্যাব, কোস্টগার্ড এবং সেনাবাহিনী—জোরদার টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
