গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার বিকেলে শহরের লোকনাথ টেংকের পাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমারশীল মোড়, সদর হাসপাতাল রোড, টি.এ. রোড, পাওয়ার হাউজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ্ মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম. মহিউদ্দিন, সদস্য জয়ন্তী বিশ্বাস, ও ছাত্র সংসদের নেতা মুয়াইমিনুল আজবীন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা পরিকল্পিতভাবে গোপালগঞ্জে ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আমাদের নেতাকর্মীদের হত্যার চেষ্টা করেছে। উদ্দেশ্য ছিল জাতীয় নাগরিক পার্টিকে নির্মূল করা। কিন্তু তারা জানে না, একেকজন 'জুলাই যোদ্ধা' হাজারো ফ্যাসিবাদকে প্রতিহত করতে পারে। তারা আরও বলেন, যদি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে প্রয়োজনে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।সমাবেশে বক্তারা সকল এনসিপি নেতাকর্মীকে সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
