জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়ার জুলাই পদযাত্রা’র ১৭তম দিনের কর্মসূচি বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজবাড়ী শহরে এ কর্মসূচি পালিত হয়। বিকেল সাড়ে ৫টায় শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণ থেকে পদযাত্রা ও পরবর্তী সমাবেশ শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মী, যাঁরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত। পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, সাইয়েদ জামিল, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি যখন রাস্তায় নেমেছে, কোনো হুমকি-ধামকি দিয়ে এই গণজোয়ারকে আটকানো যাবে না। জনগণই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, চাঁদাবাজদের এই বাংলায় কোনো ঠাঁই হবে না। রাজবাড়ীবাসীর ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আরও বলেন,৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, আর আজ আমাদের লক্ষ্য সংসদ ভবন। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে আনতেই এনসিপির এই লড়াই। এ সময় বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন, রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারই বাড়ি। কিন্তু দুঃখজনকভাবে এখনো এই জেলায় একটি উন্নতমানের হাসপাতাল নেই। আমরা চাই রাজবাড়ীবাসী যেন একটি আধুনিক, মানসম্মত চিকিৎসা সুবিধা পায়। এনসিপি সেই দাবি আদায়ে কাজ করবে।আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
