বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহীদ কর্নেল আবু তাহের দিবস উপলক্ষে সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন।
সভার শুরুতে শহীদ কর্নেল আবু তাহেরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে ঢাকার উত্তরায় বিমান প্রশিক্ষণ দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় অধ্যাপক এমরান আল আমিন বলেন,শহীদ কর্নেল তাহের ছিলেন আপোষহীন সাহসী নেতৃত্বের প্রতীক। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর আদর্শিক অবস্থান ও জনবান্ধব চিন্তার জন্যই তৎকালীন শাসকগোষ্ঠী তাঁকে প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এখন সময় এসেছে তাহেরের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে জাসদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার।তিনি আরও বলেন,দেশে বর্তমানে যে অস্থিরতা ও আইন-শৃঙ্খলার অবনতি দেখা যাচ্ছে, তা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন রয়েছে। দ্রুত একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি সামস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, সদস্য হায়দার আলী, আটোয়ারী উপজেলা জাসদের সভাপতি আনছার আলী মিঠুন, সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র রায় প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
