একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে।
তিনি বলেন, “৩১ দফা এমন একটি কর্মসূচি, যা গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুচিন্তিত প্রচেষ্টা। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে এই দফাগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা পূরণ হবে।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের বি.এন.কে উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে জনমত গঠন।
ফয়সল চৌধুরী আরও বলেন, “আওয়ামী দুঃশাসনে দেশের সমাজ, অর্থনীতি ও গণতন্ত্র আজ ভঙ্গুর অবস্থায়। রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের মুখে। এই রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে ৩১ দফাই হবে সবচেয়ে বড় সহায়ক।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচন নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তারা পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র প্রতিহত করবে। নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি— ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছে দিন।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ মাসুম আহমদ।
সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এম. এ ছায়াদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ—
আতাউর রহমান উতু, মুহিব হোসেন, শাহাজান আহমদ, রাহাত চাকলাদার, সরওয়ার হোসেন, রেজাউল করিম, আব্দুল আহাদ, জাহেদ আহমদ, মহসিন আহমদ, সালাউদ্দিন, নাসির আহমদ, এনাম আহমদ, জিয়াউল ইসলাম সায়েক প্রমুখ।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
