ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে অর্থাভাবে চিকিৎসাও বন্ধ, পরিবারের কষ্টই বেশি পোড়ায় হাসান আলীকে

স্বাস্থ্য | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

(৫ মাস আগে) ২২ অক্টোবর ২০২৫, বুধবার, ২:২২ অপরাহ্ন

banglahour

জরাজীর্ণ ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে আলো ঢুকে কিন্তু সেই আলো পৌঁছায় না হাসান আলীর (৪৪) জীবনে। দুর্ঘটনার পর থেকে আট মাস ধরে দুই পা নিয়ে শয্যাশায়ী তিনি। চিকিৎসায় শেষ হয়ে গেছে যা কিছু সহায়-সম্বল ছিল, ফলে অর্থাভাবে এখন চিকিৎসাও বন্ধ। বিছানায় পড়ে থাকা হাসান আলীর সঙ্গে পরিবারের কষ্টও যেন নীরবে কাঁদে প্রতিদিন।

তিনবেলা খাবার জুটবে কিনা—এই চিন্তাতেই কাটে তাদের দিন। এখন নিজের কষ্ট নয়—সংসারের অনটন, তিন মেয়ের ভবিষ্যৎ আর অভাবের কান্নাই এখন বেশি পোড়ায় তাকে।
কিশোরগঞ্জের মসূয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈরাগিচর গ্রামে বসবাস করেন হাসান আলী। একটি দুর্ঘটনা তার পুরো জীবনচক্র থামিয়ে দিয়েছে।


একমাত্র উপার্জনক্ষম মানুষটি এখন ঘরবন্দি হয়ে পড়ায় পরিবারটি পড়েছে চরম অর্থ ও খাদ্যসংকটে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিএ পাস করা হাসান আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছি ইউনিয়নের নেপ্রা গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে বসবাস করছেন। সরকারি চাকরি না পেয়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

কিন্তু অল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় চাকরি ছেড়ে দেন। পরে সমিতি থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনে জীবিকা শুরু করেন।
কিন্তু হঠাৎ একদিন সিএনজিচালিত অটোরিকশা তার গাড়িকে ধাক্কা দিলে দুটি পা মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেন অধ্যাপক ডা. আলী আশরাফ।


ধারদেনা করে ও এলাকাবাসীর সহায়তায় এ পর্যন্ত প্রায় আট লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে অর্থ শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা বন্ধ আছে। ডাক্তারের নির্ধারিত সময় অতিক্রম করলেও টাকার অভাবে তিনি আর ঢাকায় যেতে পারছেন না। দ্রুত চিকিৎসা না হলে তার পায়ে নতুন করে ইনফেকশন হওয়ার আশঙ্কা রয়েছে।
দীর্ঘ জীবনসংগ্রামে কখনো হার না মানা হাসান আলী থেমে গেছেন এক দুর্ঘটনায়। আট মাস ধরে বিছানায় পড়ে থেকে সংসারের দুরবস্থা দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। পাশাপাশি সমিতির ঋণের কিস্তি পরিশোধের তাগাদাও পিছু ছাড়ছে না। তিন মেয়ের ভবিষ্যৎ ও সংসারের অনিশ্চয়তা তাকে আরও দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। এখন নিরুপায় হয়ে মানুষের সহায়তা চাইছেন তিনি।

বৈরাগিচর গ্রামের হযরত আলী, হাসিম মিয়া, বাবু মিয়া ও বাদল জানান, হাসান আলী খুব পরিশ্রমী ও ধর্মপরায়ণ মানুষ। শিক্ষিত হয়েও জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার পর আমরা এলাকাবাসী মিলে কিছু সহায়তা করেছি, কিন্তু চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় এখন আর পারছি না। তার চিকিৎসার জন্য আরও বড় সহায়তা প্রয়োজন।

স্ত্রী কুলসুম বলেন, ‘একদিকে স্বামী বিছানায় পড়ে আছেন, অন্যদিকে সংসারে অভাব লেগেই আছে। তিন মেয়ের পড়াশোনার খরচ দিতে পারছি না। একবেলা খাইলে আরেকবেলা খাব কিনা জানি না। এর ওপর সমিতির ঋণ পরিশোধের চাপ তো আছেই।’

অসুস্থ হাসান আলী বলেন, ‘নিজের কষ্টের চেয়ে পরিবারের কষ্ট বেশি কষ্ট দেয়। বিছানায় শুয়ে তাদের অভাব-অনটন দেখেই দিন কাটে। এখন চিকিৎসা ও সংসার চালানোর জন্য একটু সাহায্য দরকার। শরীর একটু ভালো হলে কেউ যদি কোনো কাজের সুযোগ দেন, তাহলে নিজের পায়ে দাঁড়িয়ে আবার সংসারটাকে টেনে নিতে পারব।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯