ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দোয়া মাহফিল শেষে সিলেটের ৬ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:০৮ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সিলেট জেলার ছয়টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একযোগে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

সংক্ষিপ্ত আলোচনায় মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করছে। শেষ দিনে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে আসন সমঝোতা হলে নির্ধারিত আসনের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন। এজন্য সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জোটভুক্ত সকল দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দোয়া মাহফিল শেষে প্রার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন—
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মহানগর ও জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান,
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ,
সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন,
সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং
সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯