ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: তাহসিনা রুশদী লুনা

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, “আমরা এমন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যখন সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। অন্যায় প্রতিযোগিতা, দুর্নীতি ও স্বার্থপরতা সমাজের গভীরে শিকড় গেড়ে বসেছে।”

তিনি বলেন, যে দেশে দুর্নীতি বেশি, সে দেশ কখনোই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। দুর্নীতি নয়, সততাই হবে আমাদের শক্তি; স্বার্থ নয়, দেশপ্রেম হবে আমাদের চালিকাশক্তি।

সিলেটের বিশ্বনাথ উপজেলার ভোগশাইলস্থ শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিন বিএসসির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদী লুনা আরও বলেন, পাঠ্যবইয়ের শিক্ষা আমাদের জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞানকে অর্থবহ করতে হলে প্রয়োজন নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা। আজকের শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; বরং দেশপ্রেম, মানবিকতা ও সততার আলোকে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের একটি বড় অংশ বিদেশমুখী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু প্রকৃত শক্তি আসে সুশিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে। আগে নিজেদের যোগ্য করে তুলতে হবে, তাহলেই বিশ্বপরিমণ্ডলে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি হবে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী মো. লেচু মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান, আনসার আলী ও ফিরোজা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বুনন সম্পাদক কবি খালেদ উদ্‌দীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গৌছ খান, হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির মিয়া মঈনুল ও জসিম উদ্দিন খান। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, ওসমানী নগর উপজেলার পশ্চিম পৈলেনপুর ইউনিয়নের ভল্লবপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলেও প্রধান অতিথির বক্তব্য দেন তাহসিনা রুশদী লুনা।

বিএনপি নেতা আবদুল মুহিত বাহারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ময়লুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ, ইউপি সদস্য বাজিদ উল্লাহ, হাজেরা বেগমসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯