কুমিল্লা-৪ সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর নিজস্ব প্রার্থিতা নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। জানা গেছে, ঋণখেলাপির তালিকা থেকে তার নাম সাময়িকভাবে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ সম্প্রতি চেম্বার আদালত বাতিল করেছে। এর ফলে তিনি আইনগতভাবে ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাতে পারেন বলে আইনজীবীরা মত দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মাম পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সীর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট তিন মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার নির্দেশ দেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
পরবর্তীতে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেন।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হলেও আসন্ন নির্বাচনে তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
