ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রশ্নফাঁস ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

রাজনীতি | রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৩:৪৪ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার আগে প্রশ্নপত্রের ফটোকপিসহ হাতে-নাতে আটক হওয়ার ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন।

বহিষ্কৃত মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে শুক্রবার দুপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর ঠিক আগে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটসংলগ্ন একটি বাসা থেকে মিনারুল ইসলামসহ ছয়জনকে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে একই উপজেলার একটি মাইক্রোবাস থেকে চালকসহ আরও পাঁচজনকে আটক করা হয়।

এদিকে পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই অভিযোগে অপর এক নারী পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের দায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে একই অভিযোগে মিনারুল ইসলামকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কারের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯