একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক।
দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি আয়োজিত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী কর্মসূচিতে এম এ মালিক দেশবিরোধী আইন ও বিদেশি অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এম এ মালিক বলেন,বাংলাদেশে কখনোই দেশবিরোধী কোনো আইন কিংবা বিদেশি অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা সংসদে গেলেও দাউদপুর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষের ন্যায্য দাবি দৃঢ়ভাবে তুলে ধরব।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,ফজরের নামাজ আদায় শেষে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অবস্থান নেন।
বিশেষ করে নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মা-বোনেরা যেন সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।এম এ মালিক দাবি করেন, দাউদপুর বিএনপি ও জোটের একটি শক্তিশালী ঘাঁটি। এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বক্তব্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,
“অনেক হিন্দু ভাই আমাদের কাছে অভিযোগ করেছেন যে, বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই কোনো সংখ্যালঘুকে ভয় দেখানো হলে তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এম এ মালিক বলেন,এক এলাকায় এক আইন আর অন্য এলাকায় অন্য আইন—এটা হতে পারে না। সব জায়গায় সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা ও সাধারণ সম্পাদক অলি মিয়া, লিভারপুল বিএনপি নেতা আব্দুল হকসহ দাউদপুর ইউনিয়নের সব ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং হাজারো সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
