ফরিদপুরে প্রথমবারের মতো সরাসরি বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে বিশাল নির্বাচনী জনসভা। এ জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।
জেলা বিএনপি সূত্র জানায়, জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। জনসভায় আগত নেতাকর্মীদের জন্য পানীয় জলের ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমাণ পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।
জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই শহরের দুটি প্রধান প্রবেশপথ পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকায় যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। এ সমাবেশে এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার পর দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন। ফরিদপুরে পৌঁছে তিনি দুপুর ১টা ৪৫ মিনিটে জনসভা মঞ্চে উঠবেন। জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় পৌঁছানোর কথা রয়েছে।
সমাবেশস্থলের পাশের ফরিদপুর স্টেডিয়ামে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করতে পারে বলে জানা গেলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি জেলা বিএনপি।
জনসভা উপলক্ষে রাজেন্দ্র কলেজ মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাঠজুড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে সাদা-কালো ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। মঞ্চে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন, যাতে মাঠের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানের বক্তব্য দেখা যাবে।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, “আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি আমাদের চেয়ারম্যানের ফরিদপুরে প্রথম জনসভা হওয়ায় এ অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
