পুরান ঢাকার ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজমুক্ত ও নিরাপদ ব্যবসা পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা–৭ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহ।
বুধবার সকালে চকবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের সরকারকে সবচেয়ে বেশি রাজস্ব প্রদান করেছেন ঢাকা–৭ আসনের ব্যবসায়ীরা। অথচ উন্নয়ন ও সুযোগ–সুবিধার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি অবহেলিত।
হাফেজ এনায়েত উল্লাহ বলেন, “পুরান ঢাকার ব্যবসায়ীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও জানান, নির্বাচিত হলে পুরান ঢাকাকে পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরান ঢাকার ব্যবসায়ী অধ্যুষিত এলাকায় প্রার্থীর এই প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
