বরিশালের হিজলা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসলামী আন্দোলনের এক জ্যেষ্ঠ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তি হলেন হরিনাথ ইউনিয়নের নির্বাচনী সমন্বয়ক ও জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মো. মুজাম্মেল হক।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খুন্না বন্দরে দলীয় নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন ইসলামী আন্দোলন হিজলা উপজেলা সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বরিশাল-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের পক্ষে সবাইকে কাজ করার নির্দেশনা রয়েছে। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী মাওলানা মুজাম্মেল হককে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, এই সিদ্ধান্ত ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
