পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ লুটেরা ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে। তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা চুরি হয়ে বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় এলে সেই টাকা ফিরিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকাগুলো থেকে উন্নয়ন শুরু করা হবে।
শুক্রবার বেলা ৩টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন শুধুমাত্র ভোট নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। যারা জীবন উৎসর্গ করেছে, তাদের ত্যাগকে সম্মান জানাতে হবে এবং আর কোনো বৈষম্য ও আধিপত্য বহন করা যাবে না।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা তোমাদের বেকার ভাতা দিতে চাই না। তোমাদের হাত প্রস্তুত করো, আমরা তোমাদের কাজ দেব।” ন্যায়-ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ গড়ে পুরো দেশই হবে একটি জীবন্ত উড়োজাহাজ এবং যুব সমাজই হবে সেই উড়োজাহাজের ক্যাপ্টেন।
ডা. শফিকুর রহমান পিরোজপুরের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের সুবিচার করার প্রতিশ্রুতি দেন।
জনসভায় তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর দুই পুত্র—পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী ও পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদীকে দাঁড়িপাল্লা প্রতীক এবং পিরোজপুর-৩ আসনের জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীকে শাপলাকলি প্রতীক তুলে দিয়ে ভোটের আহ্বান জানান।
জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম ও মাওলানা শেখ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
