পঞ্চগড়ের বোদা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১০ নম্বর পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে পরে বোদা–দেবীগঞ্জ মহাসড়কের সাকোয়া বাজার এলাকায় সড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়।
পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সফিউল আলম রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে হামলার জন্য প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, নির্বাচনী জনসভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে ২৫–৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও একাধিক বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
