ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
শনিবার জৈন্তাপুর উপজেলায় আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যখন সাধারণ মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সিলেটের সচেতন জনতা অতীতেও সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছেন, এবারও রাজপথে দাঁতভাঙা জবাব দেবেন।”
আরিফুল হক চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, ভোটের নামে “জান্নাতের টিকেট” বিক্রিকারীদের থেকে সাবধান থাকতে হবে। বিশেষত মা-বোনদের ভোটে বিভ্রান্ত করা চলবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “যে কোনো মূল্যে নির্বাচনের সুন্দর পরিবেশ, শান্তি ও শৃংখলা বজায় রাখতে হবে। সিলেটে মুসলিম, হিন্দু, বুদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছেন। সকলের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে জৈন্তাপুরের পাথর কোয়ারি খুলে দেবে, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করবে, পর্যটন এলাকাকে সৌন্দর্যময় করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ ও চিকিৎসা ব্যবস্থার দ্রুত উন্নয়ন নিশ্চিত করবে। তিনি নির্বাচিত হলে এক বছরের মধ্যে জৈন্তাপুরে পরিবর্তনের দৃশ্য দেখার প্রতিশ্রুতি দেন।
ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজ। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকী এবং মহানগর বিএনপির নেতৃত্ব। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
