কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে কয়েকটি পিস্তল ও বন্দুকসহ সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো দুই বস্তা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ১০টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা। উদ্ধারকৃত পুকুরটি সীমান্ত এলাকা থেকে আনুমানিক সাড়ে তিনশ মিটার দূরে অবস্থিত।
মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
