ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভুত ভুলে যেতে হবে। আমেরিকান এম্বাসেডরকে আমরা বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়া সম্ভব নয়।
বুধবার (২২) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। তাদের হাতে এই দেশ আর যাবে না। তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। বিএনপি অবৈধ দল উল্লেখ্য করে সেতুমন্ত্রী বলেন, যার শক্তি কমে যায় তার মুখের বিষ উগ্র হয়ে উঠে, মির্জা ফখরুলের তাই হয়েছে। বিএনপি অবৈধ দল, সেই দলের অবৈধ মহাসচিব ফখরুল, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কিভাবে ১২ বছর ধরে মহাসচিব থাকে? সে যে সরকারের পদত্যাগ দাবি করে, তার নিজেরই পদত্যাগ করা উচিত।
আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতাদের এক হাতে নিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আজ বিএনপির নেতারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদেরকে কথা বলতে দেন নাই এবং আমাদের রাজনৈতিক কার্যালয়েও ঢুকতে দেয়নি। তৎকালীন সময় আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। আমাদের নেতা কর্মীদের হাত-পা কেটে চোখ উপড়ে ফেলে দিয়েছে তারা। ভাইয়ের সামনে মা-বোনকে রেপ করেছে। শুধু তাই নয় আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা ছিল তাদের সকল ব্যবসা ধ্বংস করে দিয়েছে।
লন্ডনে বসে শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না উল্লেখ্য করে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, সামনে নির্বাচনের ভোট যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। না হলে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারার কবর রচনা হবে। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
