মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাবনূরের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাস দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
সালমান শাহর অস্বাভাবিক মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এ ঘটনায় কেউ কেউ শাবনূরের বিরুদ্ধে অভিযোগ তুললেও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
ফলে শাবনূরের পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এর সম্ভাব্য প্রেক্ষাপট নিয়ে নিজেদের মতো করে আলোচনা করছেন।
অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের।
তার ভক্ত ও বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য প্রকাশের দাবি উঠেছে। এর মধ্যেই শাবনূরের এই পোস্ট নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। তবে শাবনুরের পোস্টটি সালমান শাহর হত্যা মামলা বা অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শাবনূর কোনো ব্যাখ্যা দেননি।
সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন। সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, সালমান শাবনূরকে বোনের মতোই দেখত।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক হয় সালমান শাহর। এরপর ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান, এর মধ্যে ১৪টি সিনেমায় সালমানের নায়িকা ছিলেন শাবনূর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
