দেশের নাটক ও সিনেমায় প্রেম-রোমান্সের আধিক্য নিয়ে আপত্তি তুলে সম্প্রতি এ ধরনের কনটেন্ট নির্মাণ বন্ধে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তবে প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি তোলা এই আইনজীবীর নিজের ফেসবুক পোস্টেই রোমান্টিক সিনেমা দেখার তথ্য পাওয়া গেছে।
২০২৫ সালের ৫ আগস্ট তার এক ফেসবুক পোস্টে তিনি ভারতের রোমান্টিক ড্রামা সিনেমা ‘রাধে শ্যাম’ দেখার কথা জানান। এর আগে একই বছরের ৯ মে হলিউডের রোমান্টিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘স্টারডাস্ট’ দেখার বিষয়টিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন।
সম্প্রতি দেশের নাটক ও সিনেমায় প্রেম ও রোমান্সকেন্দ্রিক গল্পের আধিক্য নিয়ে আপত্তি জানান আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। প্রেম ও রোমান্সনির্ভর গল্পকে কেন্দ্র করে নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে এই আইনজীবী দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্র ও নাটকে প্রেম ও রোমান্সনির্ভর গল্পের সংখ্যা বেড়েছে। এর ফলে দেশের সাংস্কৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
কিছু নাটক ও চলচ্চিত্রে পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে ধরার বিষয়েও নোটিশে আপত্তি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, এ ধরনের উপস্থাপনা পারিবারিক মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সমাজে নৈরাজ্য ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ব্যবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
