জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিল নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। বাংলা ব্যান্ডের হাত ধরে লোকসংগীত ও ফোক ফিউশনে নিজস্ব একটি ধারা তৈরি করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে গানের মঞ্চে তাঁর উপস্থিতি কমেছে। গান ছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে আগের মতো নিয়মিত দেখা যায় না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের বর্তমান জীবনযাপন ও অবস্থান নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, “দূর থেকে বসে আমাকে জাজ করবেন না।”
ভিডিওতে আনুশেহ বলেন, “আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে ? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না, প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না।”
তাঁর এই অনুপস্থিতি ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়েছে। কেউ কেউ ধারণা করেছেন, নেশার কারণে তিনি গান থেকে দূরে সরে গেছেন। তবে সাম্প্রতিক ভিডিওতে আনুশেহ নিজেই স্পষ্ট করেছেন, বাণিজ্যিকভাবে গান না করলেও গান গাওয়ার সক্ষমতা তাঁর রয়েছে।
দীর্ঘ সময় ফেসবুকেও অনুপস্থিত আনুশেহ। তিনি জানান, তিনি টিনিটাসে আক্রান্ত। এটি এমন একটি শারীরিক অবস্থা, যেখানে বাইরে কোনো শব্দের উৎস না থাকলেও কানে শব্দ শোনা যেতে পারে।
তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আমি ওপার হয়ে’র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন আনুশেহ। এখন তিনি নিজের জীবনকে সহজ করে নেওয়ার যে পথ বেছে নিয়েছেন, সেই পথেই এগিয়ে চলেছেন-গান ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
